লালকেল্লা থেকে ‘দিমাগি নকশাল’দের বিচ্ছিন্ন করার ডাক মোদীর, রাজনৈতিক মহলে জল্পনা

স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে 'দিমাগি নকশাল'দের বিচ্ছিন্ন করার ডাক দিলেন প্রধানমন্ত্রী মোদী। 'আরবান নকশাল'-এর নতুন সংস্করণ? রাজনৈতিক মহলে জল্পনা।

Share:

ব্যুরো নিউজ, ১৫ আগস্ট ২০২৬: স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাচীর থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক নতুন শব্দবন্ধ ব্যবহার করে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি করেছেন। তিনি ‘দিমাগি নকশাল’দের সমাজ থেকে বিচ্ছিন্ন করার ডাক দিয়েছেন। শনিবার ৮০তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী বলেন, “সশস্ত্র নকশালদের নির্মূল করা গেলেও দিমাগি নকশালরা এখনও রয়ে গিয়েছে। এই মানসিকতার মানুষেরা সুযোগের অপেক্ষায় থাকে।”

প্রধানমন্ত্রী যদিও ‘দিমাগি নকশাল’ বলতে কাদের বুঝিয়েছেন, তার বিস্তারিত ব্যাখ্যা দেননি, তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এটি ‘আরবান নকশাল’-এরই এক নতুন সংস্করণ। মাওবাদী মানসিকতার যে সমস্ত মানুষ অস্ত্র হাতে না নিয়ে শহরের বিলাসী জীবনে বিপ্লবের স্বপ্ন বুনেন, তাদেরই ইঙ্গিত করা হয়েছে বলে ধারণা। মোদীর অভিযোগ, এই ‘দিমাগি নকশাল’রা নানাভাবে ভুল বুঝিয়ে সমাজে হিংসা, অশান্তি ও বিভাজনের চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী আরও দাবি করেন, জঙ্গলে লুকিয়ে থাকা সশস্ত্র নকশালদের নির্মূল করা হয়েছে এবং দেশ এই সংকট থেকে মুক্তি পেয়েছে। ২০১৪ সালে কেন্দ্রীয় সরকার ভারতকে নকশালমুক্ত করার সংকল্প নিয়েছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, একসময় যে এলাকাগুলিতে আতঙ্কের পরিবেশ ছিল, সেখানে এখন উন্নয়নের ছবি দেখা যাচ্ছে এবং মানুষের আস্থা বেড়েছে। দেশের যুবসমাজকে ‘বিকশিত ভারত’ গড়ার মূল স্রোতের সঙ্গে যুক্ত করারও আহ্বান জানান তিনি। এই নতুন শব্দবন্ধের ব্যবহার নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে।