ব্যুরো নিউজ, ১৭ আগস্ট ২০২৬: দেশজুড়ে ই-২০ পেট্রল নিয়ে চলমান বিতর্কের আবহে এবার গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন কেন্দ্রের অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ। তাঁর সঙ্গে আকাশ পূজারিও পুরনো গাড়ির জন্য ই-১০ পেট্রল ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন। মাইলেজ সংক্রান্ত সমস্যা এবং গাড়ির ইঞ্জিনের ক্ষতির অভিযোগের জেরে ই-২০ পেট্রল নিয়ে অসন্তোষ বাড়ছিল। এই পরিস্থিতিতে অর্থনৈতিক উপদেষ্টার এইবু প্রস্তাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিশেষত, দেশের প্রায় সাড়ে ৭ থেকে ৮ কোটি বিএস-৪ মডেলের দু’চাকার গাড়ির ক্ষেত্রে ই-২০ পেট্রল গুরুতর সমস্যা তৈরি করছে। অনন্ত নাগেশ্বরণ ব্যাখ্যা করেছেন যে, পুরনো কার্বুরেটর মডেলগুলি ইথানল মিশ্রণে থাকা অতিরিক্ত অক্সিজেনের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানির পরিমাণ সমন্বয় করতে পারে না। এর ফলে ইঞ্জিন কম জ্বালানি পায় এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গরম হয়ে যায়। এছাড়াও, পুরনো গাড়ির রাবার সিলগুলি ইথানল সহনশীল না হওয়ায় দীর্ঘক্ষণ ইথানলের সংস্পর্শে থাকলে সেগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
তিনি আরও বলেন, ইথানল নীতিতে এই সমস্যা সমাধানের জন্য কম ইথানল মিশ্রিত পেট্রলের কথা বলা হলেও, বাস্তবে পাম্পগুলি থেকে ই-১০ পেট্রল কার্যত উধাও হয়ে গেছে। তাই সরকারের উচিত ই-২০-র পাশাপাশি ই-১০ পেট্রলের যোগান নিশ্চিত করা। একই সঙ্গে, দেশে খাদ্য ও জ্বালানির মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়টিও খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন তাঁরা। এই পরামর্শগুলি কার্যকর হলে পুরনো গাড়ির মালিকরা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।








