বিধানসভায় সই জাল: হাই কোর্টে বড় স্বস্তি অভিষেকের, সিআইডি রিপোর্টে অসন্তোষ বিচারপতির

বিধানসভায় সই জাল মামলায় কলকাতা হাই কোর্টে বড় স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি রিপোর্টে অসন্তোষ প্রকাশ করে রক্ষাকবচের মেয়াদ বাড়াল আদালত।

Share:

ব্যুরো নিউজ, ১৭ আগস্ট ২০২৬: কলকাতা হাই কোর্টে বড় স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় সই জাল মামলায় সিআইডি রিপোর্টে অসন্তোষ প্রকাশ করে তাঁর রক্ষাকবচের মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়াল বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ। এই সময়ের মধ্যে পুলিশ অবশ্য তদন্ত চালিয়ে যেতে পারবে।

সিআইডি-কে একপ্রস্ত ভর্ৎসনা করে বিচারপতির মন্তব্য, “কেউ হাত বেঁধে দেয়নি। আরও তদন্ত করুন, সমস্যা নেই।” আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তদন্তে কোনওরকম বাধা নেই, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপাতত কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের কিছুদিনের মধ্যেই তৃণমূল বিধায়কদের সই জাল বিতর্ক সামনে আসে। অভিযোগ ওঠে, তৃণমূল কংগ্রেসের দলীয় বৈঠকে অনুপস্থিত থাকা সত্ত্বেও বেশ কয়েকজন বিধায়কের স্বাক্ষর রয়েছে বিধানসভার রেজিস্ট্রি খাতায়। বিরোধী দলনেতা নির্বাচনের রেজোলিউশনের পাশ করানোর জন্য ডাকা ওই বৈঠকে সই জালিয়াতির অভিযোগ ঘিরে সেসময় বেশ শোরগোল হয়েছিল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁর ইন্ধনে অনুপস্থিত বিধায়কদের সই নকল করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

এই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের হয় এবং তদন্তভার দেওয়া হয় সিআইডি-কে। সিআইডি তাদের তদন্তের অগ্রগতি জানিয়ে আদালতে একটি রিপোর্ট জমা দেয়। কিন্তু সেই রিপোর্টে কলকাতা হাই কোর্ট সন্তুষ্ট হতে পারেনি। বিচারপতির পর্যবেক্ষণ, সিআইডি তাদের তদন্তে আরও সক্রিয় হতে পারত এবং আরও গভীরে গিয়ে তথ্য সংগ্রহ করতে পারত। আদালতের এই অসন্তোষ প্রকাশের পর অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি তাঁর জন্য এক বড় রাজনৈতিক স্বস্তি এনে দিল। এই মামলার পরবর্তী শুনানি ৩০ নভেম্বরের পর হবে।