ব্যুরো নিউজ, ১৯ আগস্ট ২০২৬: অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের জন্য সুখবর। ১৯ আগস্ট ২০২৬, বুধবার থেকে এই প্রকল্পের স্ট্যাটাস জানার অনলাইন পোর্টাল চালু হয়ে গেল। এখন থেকে আবেদনকারীরা ঘরে বসেই নিজেদের আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন এবং প্রয়োজনে বাতিল হওয়া আবেদনের জন্য ফের আবেদনও করতে পারবেন।
রাজ্য সরকারের https://socialregistry.wb.gov.in/ ওয়েবসাইটে গিয়ে ‘সিটিজেন/ফ্যামিলি লগইন’ বিকল্পে ক্লিক করতে হবে। এরপর নিজের জেলা নির্বাচন করে আবেদন করার সময় ব্যবহৃত মোবাইল নম্বরটি দিতে হবে। রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ৬ সংখ্যার ওটিপি আসবে, যা প্রবেশ করালেই একটি নতুন পেজ খুলবে। এই নতুন পেজে ‘বেনিফিসারি স্টেটাস ডিটেইলস’ ক্যাটাগরির অধীনে আবেদনকারীর নামের পাশে ‘অ্যাপ্রুভড’, ‘আন্ডার প্রসেস’ অথবা ‘রিজেক্টেড’ লেখা থাকবে। যদি ‘অ্যাপ্রুভড’ থাকে, তবে বুঝতে হবে আবেদনকারী ইতিমধ্যেই টাকা পেয়েছেন অথবা খুব শীঘ্রই পাবেন।
আবেদন বাতিল হলে এই পোর্টাল থেকেই ফের আবেদন করার সুযোগ রয়েছে। পোর্টালের উপরের দিকে ‘অবজেকশন ও ক্লেম’ অপশনটি পাওয়া যাবে। এখানে ক্লিক করলে দুটি বিকল্প আসবে। একটিতে আবেদনকারী নিজের পুরনো ফর্মের ভিত্তিতে আরও কিছু তথ্য যোগ করে নতুন করে আবেদন করতে পারবেন। অন্য বিকল্পটি ব্যবহার করে অযোগ্য ব্যক্তিরা অনুদান পেলে সে বিষয়ে সরকারকে জানানো যাবে। এই নতুন ব্যবস্থা অন্নপূর্ণা যোজনার স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।








