ব্যুরো নিউজ ২০ আগস্ট ২০২৬: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বিএনপি-র প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৫৫টি ভোট পেয়ে তিনি এই পদে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামি সমর্থিত প্রার্থী কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮টি ভোট। ১৯৯১ সালের পর এই প্রথমবার প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট, ২০২৬) জাতীয় সংসদ ভবনের সংসদ অধিবেশন কক্ষে বেলা ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৬ জন সংসদ সদস্য ভোটদানে বিরত ছিলেন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল শপথ গ্রহণ করবেন বলে জানা গিয়েছে। একদা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে পরিচিত মহম্মদ সাহাবুদ্দিনকে সরিয়ে মির্জা ফখরুলের এই উত্থান রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের একাংশের মতে, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় হল।
গত ২৪ জুলাই সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদে ইস্তফা দিলেও, একাধিক সূত্রের দাবি, হাসিনার পতনের পর তাঁর উপর রাজনৈতিক চাপ ক্রমশ বাড়ছিল। এই পটভূমিতে মির্জা ফখরুলের জয় তারেক রহমানের রাজনৈতিক কৌশলেরই ফলশ্রুতি বলে মনে করা হচ্ছে।








