ব্যুরো নিউজ, ২৩ আগস্ট ২০২৬: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের অসুস্থতা নিয়ে নেটদুনিয়ায় ছড়িয়েছে নানা গুজব। তাঁর শারীরিক অবস্থা নিয়ে ভুয়ো খবর ছড়ানোয় ক্ষুব্ধ তাঁর পুত্র সুচেতন ভট্টাচার্য। যারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুচেতন। জানা গিয়েছে, গত প্রায় দু’সপ্তাহ ধরে পেটে ব্যথায় ভুগছিলেন মীরা ভট্টাচার্য। শুক্রবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার উডল্যান্ড মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়।
৭৬ বছর বয়সী মীরা দেবীর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডাঃ শাশ্বত চট্টোপাধ্যায় এবং এন্ডোক্রিনোলজিস্ট ডাঃ সেমন্তী চক্রবর্তী এই বোর্ডের সদস্য। হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার, ২৩শে আগস্ট, জানিয়েছে যে মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যু সংক্রান্ত ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অত্যন্ত বিরক্ত সুচেতন ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর মায়ের অসুস্থতা নিয়ে যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই ধরনের গুজব জনমানসে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং পরিবারের জন্য মানসিক চাপ তৈরি করছে। সুচেতনের এই কড়া বার্তা বুঝিয়ে দিচ্ছে যে, এই ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোকে তিনি কোনোভাবেই বরদাস্ত করবেন না। জনসাধারনের কাছেও তিনি সঠিক তথ্য যাচাই করে নেওয়ার অনুরোধ জানিয়েছেন, যাতে কোনো ভুল তথ্যের শিকার না হন। এই পরিস্থিতিতে পরিবারের পক্ষ থেকে শান্তি ও গোপনীয়তা বজায় রাখার আবেদন জানানো হয়েছে।








