ব্যুরো নিউজ, ২৮ আগস্ট ২০২৬: আগামী ৩ সেপ্টেম্বর ১২ ঘণ্টার জন্য ট্যাক্সি, অ্যাপ-ক্যাব এবং বাইক-ট্যাক্সি পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। পুলিশি হয়রানি, মিথ্যা মামলা এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার প্রতিবাদে এই ধর্মঘটের ঘোষণা করা হয়েছে। সেদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের রাস্তায় কোনও অ্যাপ-ক্যাব বা ট্যাক্সি মিলবে না বলে জানানো হয়েছে। ফলে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এআইটিইউসি, এআইইউটিইউসি এবং এআইসিসিটিইউ-র মতো পরিবহণ সংগঠনগুলি এই ধর্মঘটের ডাক দিয়েছে।
ধর্মঘটের পাশাপাশি ওই দিন ‘পরিবহণ ভবন’ অভিযানও করবে তারা। দুপুর ১টায় কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে একটি মিছিল শুরু হয়ে গণেশচন্দ্র অ্যাভিনিউ হয়ে পরিবহণ ভবনের দিকে যাবে। সেখানে পরিবহণমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে। সংগঠনগুলির মূল অভিযোগগুলির মধ্যে রয়েছে ট্যাক্সি ও অ্যাপ-ক্যাব চালকদের উপর পুলিশের হয়রানি বন্ধ করা, ট্রাফিকের ছোটখাটো প্রযুক্তিগত সমস্যার কারণে চালকদের অযথা জরিমানা না করা।
এছাড়াও ওলা, উবের-সহ বিভিন্ন অ্যাপ-ক্যাব সংস্থার ‘অন্যায্য’ নীতি বন্ধ করা, চালকদের অকারণে আইডি ব্লক না করা এবং বিভিন্ন রেল স্টেশনে টাউটদের দৌরাত্ম্য বন্ধ করার দাবিও জানানো হয়েছে। সরকারের নির্ধারিত ভাড়া নীতি কঠোরভাবে মেনে চলার দাবিও তুলেছে সংগঠনগুলি। এই ধর্মঘটের ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার যাত্রীরাও সমস্যায় পড়বেন বলে মনে করা হচ্ছে।








