ব্যুরো নিউজ, ২৮ আগস্ট ২০২৬: রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালকে দেখা গেল এক অন্য মেজাজে। রাখিবন্ধন উৎসবে তিনি কলকাতার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে সময় কাটালেন। শুক্রবার সকালে গড়িয়াহাট-সহ শহরের একাধিক জায়গায় ফুটপাথবাসী, অটোচালক এবং খুদেদের হাতে রাখি পরিয়ে দেন তিনি। পাল্টা সাধারণ মানুষও মন্ত্রীর হাতে রাখি পরিয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেন। এই বিশেষ দিনে শিশুদের হাতে লাড্ডু ও চকোলেটের প্যাকেট তুলে দেন অগ্নিমিত্রা।
দিন কয়েক আগেই ফুটপাথে দুধ গরম করা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন মন্ত্রী। সেই বিতর্ককে পিছনে ফেলে এদিন তিনি সাধারণ মানুষের মাঝে মিশে গিয়েছেন। তাঁর কথায়, “সবাই তো বন্দেমাতরম বলে, সকলে ভারতের নাগরিক, কেন রাখি পরাব না?” এই মন্তব্যের মাধ্যমে তিনি সম্প্রীতির বার্তা দেন। এছাড়াও, এদিন যাদবপুর প্রসঙ্গেও মুখ খোলেন অগ্নিমিত্রা পাল।
তিনি বলেন, “যাদবপুর, পশ্চিমবঙ্গ তো ভারতের অংশ। কিন্তু এমন আচরণ করা হয় যেন যাদবপুর ভারতের বাইরে। বর্তমান সরকার এসব বরদাস্ত করবে না।” মন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রায় প্রতিদিনই কলকাতার বিভিন্ন এলাকায় টহল দিয়ে সাধারণ মানুষের সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন অগ্নিমিত্রা। রাখির দিনেও তাঁর এই জনমুখী কর্মসূচি অব্যাহত রইল।








