ব্যুরো নিউজ, ২৮ আগস্ট ২০২৬: ভারতীয় রেল (Indian Railways) তার যাত্রী ও সাধারণ মানুষকে রেল চত্বর পরিচ্ছন্ন রাখতে আরও কঠোর বার্তা দিল। এখন থেকে রেল বা স্টেশন চত্বরে পানের পিক ফেলা, থুতু ফেলা বা অন্য কোনওভাবে নোংরা করলে দ্বিগুণ জরিমানা গুনতে হবে। রেল মন্ত্রকের তরফে সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। গত ২৪ আগস্ট সরকারি গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রেল চত্বর নোংরা করার জন্য পূর্বের জরিমানার পরিমাণ ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল রেলের সম্পত্তি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা।
যদি কোনও ব্যক্তি ঘটনাস্থলে জরিমানা দিতে অস্বীকার করেন, সেক্ষেত্রে তাঁকে আদালতে পেশ করা হবে। আদালতে দোষী সাব্যস্ত হলে অভিযুক্তকে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা দিতে হতে পারে। স্টেশন মাস্টার, স্টেশন ম্যানেজার, টিকিট কালেক্টর এবং রেল কর্তৃপক্ষ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য আধিকারিকরা এই জরিমানা আদায় করতে পারবেন। রেল মন্ত্রক আশা করছে, এই কঠোর পদক্ষেপের ফলে রেল চত্বরে পরিচ্ছন্নতা বজায় রাখতে যাত্রীরা আরও সচেতন হবেন এবং নোংরা করার প্রবণতা কমবে। দেশের প্রতিটি স্টেশন এবং ট্রেনে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই এই নতুন নিয়মের লক্ষ্য।








