ব্যুরো নিউজ, ৩ সেপ্টেম্বর ২০২৬: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ। প্রবল বর্ষণে কলকাতা থেকে উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিকে সংযোগকারী প্রধান রেলপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফারাক্কায় রেললাইনে ধস নামায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। পূর্ব রেলের তিলডাঙ্গা রেল স্টেশন এবং নিউ ফারাক্কা জংশনের মধ্যে রেললাইন ধসে পড়ার খবর পাওয়ার পর শিয়ালদহ এবং হাওড়া সেকশনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে মাঝপথেই আটকে গিয়েছে একের পর এক গুরুত্বপূর্ণ ট্রেন, যার জেরে চরম ভোগান্তির শিকার সাধারণ যাত্রীরা। রেললাইনের এই অবস্থার কারণে রেল প্রশাসন জরুরি বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছে। ফলস্বরূপ কলকাতা থেকে আসা ট্রেনগুলির কয়েক ঘণ্টা দেরি হচ্ছে।
কর্মভূমি এক্সপ্রেস প্রায় ৮ ঘণ্টা ৫ মিনিট, কাঞ্চনকন্যা এক্সপ্রেস প্রায় ৫ ঘণ্টা ২৯ মিনিট এবং দার্জিলিং মেল প্রায় ৪ ঘণ্টা ৫৮ মিনিট দেরিতে চলছে বলে খবর। এছাড়া কলকাতা–জোগবানি এক্সপ্রেস এবং পদাতিক এক্সপ্রেস-সহ গৌড় এক্সপ্রেস, চার্লাপল্লী এক্সপ্রেস, হাওড়া–কাটিহার এক্সপ্রেস এবং রাঁচি–কামাখ্যা এক্সপ্রেস-সহ আরও কয়েকটি ট্রেনও পরিষেবা বিঘ্নের শিকার হয়েছে। কিষাণগঞ্জ, কাটিহার, বরসই ও মালদা টাউন স্টেশনে যাত্রীরা ট্রেনের জন্য পরিবারসহ সারারাত অপেক্ষা করতে বাধ্য হয়েছেন। রেলওয়ে ইঞ্জিনিয়ারিং শাখা যুদ্ধকালীন তৎপরতায় ট্র্যাকটি মেরামতের কাজ করছে, তবে বৃষ্টির কারণে মেরামতের কাজ ব্যাহত হচ্ছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে রেল সূত্রে খবর। যাত্রীদের ধৈর্য ধরার আবেদন জানানো হয়েছে।








