ব্যুরো নিউজ, ৪ সেপ্টেম্বর ২০২৬: সাম্প্রতিক সময়ে সরকারি বাস পরিষেবা নিয়ে নিত্যযাত্রীদের মধ্যে, বিশেষ করে মহিলা যাত্রীদের তরফে একাধিক অভিযোগ উঠেছে। বাসস্ট্যান্ডে মহিলা যাত্রীরা দাঁড়িয়ে থাকলেও অনেক সময় সরকারি বাস না থেমেই চলে যাওয়ার অভিযোগ ছিল দীর্ঘদিনের। এছাড়াও বাসে উঠলে হয়রানির শিকার হওয়ার ঘটনাও বিরল নয়। এই ধরনের বিশৃঙ্খলা ও অনিয়ম রুখতে এবার কড়া পদক্ষেপ করল পরিবহণ দপ্তর। যাত্রী সুরক্ষায় জোর দিতে এবং পরিষেবা উন্নত করতে প্রযুক্তির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
পরিবহণ দপ্তরের মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, এখন থেকে ডিউটি চলাকালীন সমস্ত সরকারি বাসের কন্ডাকটরদের পোশাকে বডি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে কন্ডাকটর বা চালকদের উপর যেমন নজর রাখা যাবে, তেমনই যাবতীয় অনিয়ম বা বিশৃঙ্খলা রোখা সম্ভব হবে। এই নজরদারি চালানোর জন্য পরিবহণ নিগমের অধীনস্থ একটি বিশেষ কন্ট্রোল রুমও চালু করা হয়েছে, যা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
এছাড়াও, যাত্রী সুবিধার্থে পরিবহণে থাকাকালীন যে কোনও জরুরি সমস্যা সমাধানের জন্য একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC)-এর জন্য ৯০৪৬২২৯০২৫, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (SBSTC)-এর জন্য ৭৬৯৯৯৯৩৯৩০, সিটিসি বা ইবিএসটিসি-র জন্য ৮৬৯৭৭৩৩৩৯২ / ৮৬৯৭৭৩৩৩৯১ এবং ওয়েস্ট বেঙ্গল সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBSTC)-এর জন্য ৯৪৩২৫৯৭০৯৮ নম্বরে যোগাযোগ করা যাবে। এই পদক্ষেপগুলি সরকারি বাস পরিষেবা আরও উন্নত, স্বচ্ছ ও যাত্রী-বান্ধব করবে বলে আশা করা হচ্ছে। পরিবহণ দপ্তরের এই উদ্যোগ যাত্রীদের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।








