ব্যুরো নিউজ, ৭ সেপ্টেম্বর ২০২৬: নিউটাউনে অত্যাধুনিক হাসপাতাল তৈরির পরিকল্পনার পর এবার বাংলার প্রশাসনিক ইতিহাসের অন্যতম প্রধান স্থাপত্য মহাকরণ তথা রাইটার্স বিল্ডিংস সংস্কারে আগ্রহ প্রকাশ করেছে আদানি গোষ্ঠী। পূর্ত দফতরের আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই ঐতিহাসিক এই ভবনটি সরেজমিনে ঘুরে দেখেছেন আদানি গোষ্ঠীর প্রতিনিধিরা। সব ঠিক থাকলে আগামী ২৪ সেপ্টেম্বর কলকাতায় এসে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি।
সূত্রের খবর, রাইটার্স বিল্ডিংসের বর্তমান অবস্থা, কাঠামোগত সমস্যা এবং সংস্কারের সম্ভাব্য পরিধি খতিয়ে দেখা হয়েছে। তবে এটি কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ হেরিটেজ স্থাপত্য হওয়ায়, সংস্কারের নামে ভবনের ঐতিহাসিক চরিত্র, সম্মুখভাগ কিংবা মূল স্থাপত্যশৈলীতে কোনও পরিবর্তন করা যাবে না। প্রয়োজনীয় অনুমোদন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই সংরক্ষণ ও সংস্কারের কাজ করতে হবে। আদানি গোষ্ঠীর প্রস্তাব গৃহীত হলে সেই হেরিটেজ বিধি মেনেই গোটা প্রকল্প বাস্তবায়িত হবে বলে প্রশাসনিক মহল সূত্রে খবর। উল্লেখ্য, আদানি গোষ্ঠী নিউটাউনে ‘আদানি আরোগ্য মন্দির’ নামে একটি তথ্যপ্রযুক্তি নির্ভর হাসপাতাল তৈরি করছে, যার ভূমিপুজো আগামী ২৪ সেপ্টেম্বর হওয়ার কথা। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্য সরকারের শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার কথা। ওই সফরেই মহাকরণ সংস্কারের পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন গৌতম আদানি।
১৭৭৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জুনিয়র কর্মচারীদের দফতর হিসেবে এই ভবনের নির্মাণ শুরু হয়। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসেও এর গুরুত্ব অপরিসীম। ২০১৩ সালে রাজ্য সচিবালয়ের অধিকাংশ দফতর নবান্নে সরিয়ে নিয়ে যাওয়ার পর মহাকরণের সংস্কার শুরু হলেও তা দীর্ঘায়িত হয়েছে। এই প্রেক্ষাপটে আদানি গোষ্ঠীর আগ্রহ বাস্তবায়িত হলে ঐতিহাসিক ভবনটির সংরক্ষণে নতুন গতি আসতে পারে। শিল্প ও প্রশাসনিক মহলের নজর এখন ২৪ সেপ্টেম্বরের ঘোষণার দিকে।








