ব্যুরো নিউজ, ৭ সেপ্টেম্বর ২০২৬: মাঝআকাশে ফের একবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান। কুয়ালালামপুর থেকে উড়ান ভরার কিছুক্ষণ পরই বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি বিমানটিকে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
জানা গিয়েছে, মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ১২৫ (MH125) বিমানটি সোমবার কুয়ালালামপুর থেকে রওনা দিয়েছিল। বিমানবন্দর ছাড়ার পর আকাশে ওড়ার বেশ কিছুক্ষণ পরই বিমানের ডান দিকের ইঞ্জিনে আচমকা যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ইঞ্জিনে সমস্যা দেখা দিতেই কেবিনের মধ্যে যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে চিৎকার শুরু করেন। এই পরিস্থিতিতে বিমানের পাইলট দ্রুত চেন্নাই বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-এর সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান। এয়ার ট্রাফিক কন্ট্রোল সবুজ সংকেত দিতেই উড়ানটি চেন্নাই বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এই ঘটনায় যাত্রী ও বিমানকর্মীর সকলেই সুস্থ রয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।
নিরাপত্তার কথা মাথায় রেখে চেন্নাই বিমানবন্দরে আগে থেকেই অ্যাম্বুল্যান্স ও দমকল বাহিনী প্রস্তুত রাখা হয়েছিল। পাইলটের তৎপরতা এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের দ্রুত পদক্ষেপের ফলেই একটি সম্ভাব্য বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। বিমানটি নিরাপদে অবতরণ করার পর যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এই ঘটনার জেরে সাময়িকভাবে চেন্নাই বিমানবন্দরে উত্তেজনা ছড়িয়েছিল, তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। বিমান সংস্থা জানিয়েছে, ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে।








