ব্যুরো নিউজ, ১৬ সেপ্টেম্বর ২০২৬: কলকাতা হাইকোর্ট ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের কার্যালয় খালি করার জন্য দমকল বিভাগের দেওয়া নোটিস খারিজ করে দিয়েছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ বুধবার এই নির্দেশ দেয়। এর ফলে আপাতত তৃণমূলের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার প্রয়োজন হচ্ছে না। আদালত জানিয়েছে, গত ৩ সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেস দমকল বিভাগকে যে জবাব দিয়েছিল, তা নতুন করে খতিয়ে দেখতে হবে। এরপর দমকল কর্তৃপক্ষকে ফের ওই কার্যালয় পরিদর্শন করতে হবে।
পরিদর্শনের পর যদি অগ্নিসুরক্ষায় কোনও ত্রুটি পাওয়া যায়, তবে দমকল নতুন করে তৃণমূলকে নোটিস দিতে পারবে। বিচারপতি রাওয়ের নির্দেশ অনুযায়ী, দমকল বিভাগকে নোটিসে জানাতে হবে কবে তারা আবার অফিস পরিদর্শনে যাবে। পাশাপাশি, অগ্নি নির্বাপণ সুরক্ষার জন্য অফিসে কী কী ত্রুটি রয়েছে এবং সেগুলি সংস্কারের জন্য কী পদক্ষেপ প্রয়োজন, তা সুনির্দিষ্টভাবে তৃণমূলের কালীঘাট শিবিরকে জানাতে হবে। এই নির্দেশিকা মেনে নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে তৃণমূলকে। যদি তৃণমূল এই নির্দেশিকা না মানে, তবে দমকল আইন অনুযায়ী ফের ব্যবস্থা নিতে পারবে।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর আদালত ক্যামাক স্ট্রিটের তৃণমূলের পার্টি অফিস খালি করতে দমকলের দেওয়া নোটিসের উপর স্থগিতাদেশ দিয়েছিল। বিচারপতি কৃষ্ণ রাও দমকল কর্তৃপক্ষকে ৪ সেপ্টেম্বর দেওয়া চিঠি কার্যকর করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন। এই রায়ের ফলে দমকলের নোটিস জারির প্রক্রিয়াটি নতুন করে শুরু করার সুযোগ তৈরি হল, তবে তা আদালতের নির্দেশিকা মেনে।








