ব্যুরো নিউজ, ১৮ সেপ্টেম্বর :কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অনলাইন লটারির নামে প্রতারণা চক্রের পর্দাফাঁস করল চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানা। ডানকুনির সূর্যসেন নগর থেকে বিহারের পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা বিহারের নালন্দা, গয়া ও শেখপুরার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, এই প্রতারক চক্রটি ফেসবুকে অনলাইন লটারির লোভনীয় বিজ্ঞাপন দিত। যারা সেই প্রলোভনে পা দিয়ে যোগাযোগ করত, তাদের মোবাইল নম্বর সহ যাবতীয় ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে একটি ডেটাবেস তৈরি করত অভিযুক্তরা।
এরপর নকল ডকুমেন্ট ও এআই-এর সাহায্যে তৈরি ভুয়ো তথ্য দেখিয়ে লটারিতে পুরস্কার জেতার মিথ্যা আশ্বাস দিত। পুরস্কারের টাকা পেতে গেলে জিএসটি, ট্যাক্স বা অন্যান্য কারণ দেখিয়ে ধাপে ধাপে টাকা আদায় করা হত। বিহারের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রতারণার টাকা জমা পড়ত বলে জানা গেছে। চন্দননগর পুলিশের ডিসি ডিডি রূপান্তর সেনগুপ্ত জানিয়েছেন, সাইবার অপরাধ দমনে বিশেষ অভিযান চলছে।
এনসিআরপি পোর্টালে অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু হয় এবং হটস্পট চিহ্নিত করে অভিযান চালানো হয়। এই চক্রের সঙ্গে যুক্ত ডানকুনির পাঁচজন সহ এখনও পর্যন্ত মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ২০টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ২২টি সিম কার্ড, ২৩টি ডেবিট কার্ড, একটি পাশবই এবং এআই সহযোগে তৈরি বহু নকল তথ্য উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ডানকুনিতে বসে এই চক্রটি প্রায় ৪ লক্ষ ৩৬ হাজার টাকার প্রতারণা করেছে।








