ব্যুরো নিউজ, ১৯ সেপ্টেম্বর ২০২৬: তোলাবাজদের দৌরাত্ম্য রুখতে এবার প্রকাশ্য মঞ্চ থেকেই বেনজির নিদান দিলেন শুক্রবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার মেমারির বিজেপি বিধায়ক মানব গুহ। তাঁর সাফ বক্তব্য, “আমার নাম করে কেউ তোলা চাইতে এলে আগে কানের গোড়ায় চাপট মারুন, তারপর বেঁধে রাখুন। খবর দিন আমাকে।”
এদিন মেমারিতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিযোগ করেন, এলাকায় এখনও তোলাবাজি পুরোপুরি বন্ধ হয়নি। শাসকদল বদলালেও তোলাবাজদের চরিত্র বদলায়নি। বিভিন্ন ব্যবসায়ী, ঠিকাদারদের কাছ থেকে বিধায়কের নাম ভাঙিয়ে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ তাঁর।
বিধায়কের সংযোজন, “আমি খোঁজ নিয়ে দেখেছি, থানায় পুলিশের সংখ্যা কম। সব জায়গায় সময়মতো পুলিশ পৌঁছাতে পারছে না। সেই সুযোগটাই নিচ্ছে কিছু দুষ্কৃতী।”
এদিন তিনি জনগণকে তোলাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। বলেন, “কোনওরকম তোলাবাজি বরদাস্ত করা হবে না। আপনারা ভয় পাবেন না। তোলাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। প্রশাসন আপনাদের পাশে আছে।”
বিধায়কের এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে মেমারি জুড়ে। প্রকাশ্য মঞ্চ থেকে আইন নিজের হাতে তুলে নেওয়ার নিদান কতটা যুক্তিযুক্ত, তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ।।।।।।।








