৩৫ কোটিতে বদলে যাবে মধুপুর ধাম! শনিবার কোচবিহারে হিমন্ত, নজরে ঐতিহাসিক সত্রের মেগা উন্নয়ন

Share:

ব্যুরো নিউজ, ১৯ সেপ্টেম্বর ২০২৬: ৩৫ কোটি টাকার প্রকল্পে এবার আমূল বদলে যেতে চলেছে কোচবিহারের ঐতিহাসিক মধুপুর ধাম সত্র। শ্রীমন্ত শংকরদেবের স্মৃতিবিজড়িত এই পবিত্র ধর্মীয় স্থানের পরিকাঠামো উন্নয়নে ইতিমধ্যেই শুরু হয়েছে কাজ। আর সেই উন্নয়ন প্রকল্পের রূপরেখা ও প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে শনিবার কোচবিহারে আসছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

শংকরদেবের স্মৃতিধন্য মধুপুর ধাম শুধু কোচবিহারের নয়, অসম-সহ উত্তর-পূর্ব ভারতের বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থান। সারা বছরই এখানে ভক্তদের আনাগোনা লেগে থাকে। দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যার অবসানে এবার বড়সড় উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে অসম সরকার।

 

৩৫ কোটি টাকার এই প্রকল্পে কী কী বদল আসতে পারে?

পরিকল্পনায় রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত অতিথিনিবাস, আধুনিক উপাসনাগৃহ, উন্নত রাস্তাঘাট-সহ একাধিক পরিকাঠামো। গোটা সত্র চত্বরকে আরও সুন্দর, আধুনিক এবং ভক্ত ও পর্যটকবান্ধব করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অসম সরকারের এই উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমন্বয় রেখেই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এবার তাঁর সরাসরি মধুপুর সফর ঘিরে তাই বাড়ছে প্রত্যাশা। প্রশাসনিক মহলেও শুরু হয়েছে তৎপরতা। ৩৫ কোটি টাকার প্রকল্পে ঐতিহ্যের মধুপুর কি এবার পাবে আধুনিকতার নতুন ছোঁয়া? শনিবার মুখ্যমন্ত্রীর পরিদর্শনের পর আরও স্পষ্ট হতে পারে সেই ছবিটাই।