ব্যুরো নিউজ, ১৯ সেপ্টেম্বর ২০২৬: উত্তর ২৪ পরগনার বরানগরে এক মহিলার শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন চার যুবক। গুরুতর আহত অবস্থায় সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক। এই ঘটনায় বরানগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে বরানগর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু নগর রোডে।
জানা গেছে, অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বিষয় নিয়ে এক বি.এল.ও-এর সঙ্গে কথা বলছিলেন এক মহিলা। অভিযোগ, সেই সময় পিছন থেকে এসে জগজিৎ সিং নামে এক যুবক ওই মহিলাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করে। এই দৃশ্য দেখে পাড়ার কয়েকজন যুবক প্রতিবাদ জানান।
এরপরই অভিযুক্ত জগজিৎ সিং তার অনুগামী শিবা হেলাকে খবর দেয়। খবর পেয়েই জগজিৎ সিংয়ের দলবল ঘটনাস্থলে ছুটে আসে এবং প্রতিবাদী যুবকদের উপর ব্যাপক মারধর শুরু করে। হামলায় তিন যুবকের মাথা ফেটে যায়। চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। বাকি আহতদের সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। বরানগর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার পর থেকেই জগজিৎ সিং ও তার দলবল পলাতক।








