ব্যুরো নিউজ, 8 নভেম্বর ২০২৬: বলিউডে নিজের অভিনয়ের পাশাপাশি সুঠাম, পেশিবহুল চেহারার জন্যও নজর কাড়ছেন অভিনেতা মিজান জাফরি। কিন্তু তাঁর ফিটনেসের রহস্য শুধুমাত্র জিমে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরানো নয়। কঠোর খাদ্যাভ্যাস, দীর্ঘ সময় উপবাস এবং নিয়মিত শরীরচর্চার সমন্বয়েই নিজের ফিটনেস ধরে রেখেছেন জাভেদ জাফরির পুত্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দৈনন্দিন ডায়েট ও ওয়ার্কআউটের বিস্তারিত জানিয়েছেন অভিনেতা।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মিজান প্রতিদিন ১৬ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন। অর্থাৎ দিনের বাকি ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই মাত্র দু’বার খাবার খান। তাঁর খাদ্যতালিকায় নেই চিনি, ভাত, রুটি কিংবা পাউরুটি। প্রথম খাবারে থাকে ডিম, সবজি অথবা চিকেনের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার। দ্বিতীয়বারের খাবারে রাখেন সবুজ শাকসবজি, ডাল এবং বিভিন্ন প্রোটিনের উৎস। তবে প্রতিদিন কতটা প্রোটিন, ফ্যাট কিংবা কার্বোহাইড্রেট খাচ্ছেন, তা আলাদা করে ওজন করে হিসাব রাখেন না তিনি।
শুধু ডায়েট নয়, তাঁর শরীরচর্চার রুটিনও যথেষ্ট কঠোর। সপ্তাহে ছ’দিন ব্যায়াম করেন মিজান। তিন দিন ওয়েট ট্রেনিং এবং বাকি তিন দিন কার্ডিও ও কোর এক্সারসাইজ করেন। পাশাপাশি সপ্তাহে তিন দিন সাঁতার কাটেন এবং চার দিন সনা সেশন নেন। রবিবার থাকে বিশ্রামের জন্য।
অভিনেতা জানিয়েছেন, তৃতীয় শ্রেণি থেকেই মার্শাল আর্ট ও বিভিন্ন খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ছোটবেলার সেই অভ্যাসই তাঁর শারীরিক সক্ষমতার ভিত তৈরি করেছে।
তবে বিশেষজ্ঞদের মতে, ১৮ ঘণ্টা উপবাস বা সম্পূর্ণ কার্বোহাইড্রেট বাদ দেওয়ার মতো খাদ্যাভ্যাস সবার জন্য উপযুক্ত নয়। ব্যক্তির শারীরিক অবস্থা ও পুষ্টির চাহিদা অনুযায়ী বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই এমন ডায়েট অনুসরণ করা উচিত।










