৪৫ বছরেও ফিটনেসে নজরকাড়া আমৃতা অরোরা! হাঁটা থেকে স্ট্রেংথ ট্রেনিং, কীভাবে ধরে রাখছেন নিজের ফিটনেস?

আমৃতা আরোরা তাঁর ফিটনেস রুটিন নিয়ে মুখ খুলেছেন। হাঁটা থেকে ওয়েট ট্রেনিং, জেনে নিন তাঁর শরীরচর্চার গোপন রহস্য।

Share:

ব্যুরো নিউজ, 8 নভেম্বর ২০২৬: বয়স যে শুধুই একটা সংখ্যা, তা যেন আরও একবার প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী আমৃতা অরোরা। ৪৫ বছর বয়সেও নিজের ফিটনেস এবং শরীরচর্চা নিয়ে যথেষ্ট সচেতন তিনি। নিয়মিত হাঁটা, জিমে কার্ডিও, স্ট্রেংথ ট্রেনিং এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস—এই কয়েকটি অভ্যাসই তাঁর ফিটনেস রুটিনের মূল ভিত্তি। সম্প্রতি নিজের শরীরচর্চার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমৃতা জানিয়েছেন, তাঁকে কখনও রাস্তার উপর হাঁটতে, আবার কখনও ট্রেডমিলে শরীরচর্চা করতে দেখা যায়। নিয়মিত জিমে যাওয়া এবং খাবারের বিষয়ে সচেতন থাকাও তাঁর দৈনন্দিন অভ্যাসের অংশ। অভিনেত্রীর কথায়, দুই সন্তানের জন্মের পর প্রতিবারই তাঁর ওজন প্রায় ৩০ কেজি বেড়েছিল। সেখান থেকে আবার আগের ছন্দে ফিরতে প্রয়োজন হয়েছিল যথেষ্ট পরিশ্রম ও ধৈর্যের।

আমৃতার শরীরচর্চার তালিকায় কার্ডিও এবং স্ট্রেংথ ট্রেনিং বিশেষ গুরুত্ব পায়। তবে প্রতিদিন যে ব্যায়াম করতে ইচ্ছা করে, এমন নয়। মাঝেমধ্যে আলস্যের কারণে জিমে যেতে ইচ্ছা করে না বলেও স্বীকার করেছেন তিনি। সেক্ষেত্রে অন্যদের শরীরচর্চা করতে দেখে অনুপ্রেরণা পান।

অভিনেত্রীর মতে, ফিটনেস ধরে রাখার ক্ষেত্রে ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতে জিমে যাওয়ার পরও তেমন ফলাফল দেখতে পাননি তিনি। কিন্তু প্রশিক্ষকের পরামর্শ মেনে নিয়মিত শরীরচর্চা চালিয়ে যাওয়াতেই ধীরে ধীরে পরিবর্তন আসে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত হাঁটা, পেশিশক্তি বাড়ানোর ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। তবে খাবার বেশি খেয়ে ফেললে অতিরিক্ত ব্যায়াম করে তার ক্ষতিপূরণ করার পরিবর্তে স্বাভাবিক রুটিনে ফিরে আসাই স্বাস্থ্যকর অভ্যাস।

সম্পর্কিত খবর