ব্যুরো নিউজ, ২১ সেপ্টেম্বর ২০২৬: রবিবার ধর্মতলায় ডিওয়াইএফআই-এর ‘ইনকিলাব’ সমাবেশে বিপুল জনসমাগম দেখা গেল। এই সমাবেশ থেকে সিপিএমের যুব সংগঠন বিজেপি সরকারের শাসনকালকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সঙ্গে তুলনা করে নতুন করে ধারাবাহিক লড়াইয়ের ডাক দিয়েছে। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুবদের জোরাল প্রস্তুতি নেওয়ার আবেদন জানান।
প্রাক্তন যুবনেত্রী এবং পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন, এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং ধারাবাহিকভাবে লড়াইয়ের ময়দানে থাকা অত্যন্ত জরুরি। তিনি মনে করিয়ে দেন, যেভাবে ইংরেজরা হিন্দু-মুসলিম বিভাজন করে সিপাহী বিদ্রোহ দমন করেছিল এবং দেশভাগ করেছিল, ঠিক সেই একইভাবে ‘মুচলেকা দেওয়া ডবল ইঞ্জিনের সরকার’ হিন্দু-মুসলিম বিভাজন ঘটিয়ে দেশকে ভাগ করছে। এছাড়াও, ধনী-দরিদ্রের বিভাজন ঘটিয়ে দেশের ঐক্য নষ্ট করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
মীনাক্ষী আরও বলেন, বর্তমান লড়াই কঠিন হলেও যুব সমাজকে আরও বেশি সক্রিয় হতে হবে। আবহাওয়া ও শাসকের চোখরাঙানি উপেক্ষা করে সমাবেশে উপস্থিত বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি এই বার্তা দেন। ডিওয়াইএফআই-এর এই সমাবেশ থেকে যুব সমাজের অধিকার রক্ষা এবং ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানানো হয়েছে। এই লড়াইকে আরও তীব্র করার জন্য যুবদের প্রতি আহ্বান জানানো হয়।








