ব্যুরো নিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২৬: গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ি জংশন এলাকা থেকে সাতটি সোনার বারসহ এক যুবককে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। ধৃত যুবকের নাম প্রেম কুমার, বয়স ৪৩ বছর। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই শিলিগুড়ি জংশন এলাকায় সোনা পাচারের বিষয়ে নজরদারি চালানো হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট একটি সময়ে প্রেম কুমারকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপর পুলিশ তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে মোট সাতটি ২৪ ক্যারেটের সোনার বার উদ্ধার হয়। প্রতিটি বারের গুণগত মান এবং বাজারমূল্য যাচাই করা হয়েছে। ঘটনার পর ধৃত প্রেম কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই সোনা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্য ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। পুলিশ এই সোনা পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে। প্রধাননগর থানার আইসি জানিয়েছেন, ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় এবং তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে। এই পাচার চক্রের মূল হোতাদের সন্ধান এবং সম্পূর্ণ নেটওয়ার্কের হদিস পেতে পুলিশ জোর কদমে তদন্ত চালাচ্ছে।








