ব্যুরো নিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২৬: দুর্গাপুজোর মুখে বসিরহাটে পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। মাটিয়া থানার খোলাপোতা সংলগ্ন আটাপাড়া এলাকার একটি পোশাক তৈরির কারখানা বন্ধের জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। শুধু কর্মরত শ্রমিকরাই নন, পরোক্ষভাবে এই কারখানার উপর নির্ভরশীল কয়েক হাজার পরিবারের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে। এই ঘটনায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘকাল ধরে এই কারখানায় বহু শ্রমিক কাজ করতেন।
সম্প্রতি কারখানার কয়েকজন উচ্চপদস্থ কর্মচারীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। এর ফলে কারখানার মালিক চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হন এবং কারখানা বন্ধের সিদ্ধান্ত নেন বলে শ্রমিকদের দাবি। আকস্মিক কাজ হারিয়ে দিশেহারা শ্রমিকরা। তাদের বক্তব্য, এই কারখানার আয়ের উপরই তাদের সংসার চলতো। এছাড়াও পরিবহণ ও ছোট ব্যবসা-সহ বহু পরিবারও এই কারখানার উপর নির্ভরশীল ছিল। সামনেই দুর্গাপুজো, তার আগে কাজ হারিয়ে আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়ায় শ্রমিকদের ক্ষোভ চরমে পৌঁছেছে। অবিলম্বে কারখানা খুলে দিয়ে শ্রমিকদের কাজে ফেরানোর দাবিতে প্রথমে আটাপাড়া এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। পরে তাঁরা মাটিয়া থানায় গিয়ে থানার সামনে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের দাবি, কারখানা বন্ধের কারণ যাই হোক না কেন, তাদের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনা করে দ্রুত কারখানা চালু করার উদ্যোগ নিতে হবে। বর্তমানে মাটিয়া থানার সামনে শ্রমিক বিক্ষোভ ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।








