ব্যুরো নিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২৬: সাইবার প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নৈহাটি থেকে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম ইরশাদ আলী ও সানি। দুজনেই নৈহাটি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকার বাসিন্দা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত ইরশাদ আলী নয়াবাজার এলাকায় একটি চায়ের দোকান চালায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই এলাকায় একটি হ্যাকিং চক্র সক্রিয় রয়েছে।
মাঝে মাঝেই পুলিশ এসে অভিযুক্তদের ধরে নিয়ে গেলেও দু-দশদিন পর তারা ছাড়া পেয়ে যায়। এই চক্র গরিব মানুষকে টার্গেট করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে আর্থিক প্রতারণা করে বলে অভিযোগ। ধৃত ইরশাদের ভাই লালু জানিয়েছেন, সানি তার দাদাকে লোন পাইয়ে দেওয়ার নাম করে কাগজপত্র নিয়েছিল এবং একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেয়। এরপর কী হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। রাতে পুলিশ এসে তার দাদাকে তুলে নিয়ে যায়। এই ঘটনায় ইরশাদের পরিবার হতবাক। অপর অভিযুক্ত শাওনাজ আলম ওরফে সানির বাড়িতে গেলে তার পরিবারের সদস্যরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি, যা রহস্য আরও বাড়িয়েছে। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্ব তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাদের দাবি, তৃণমূলের সময় থেকেই এই হ্যাকিং চক্র সক্রিয়। এর পেছনে বড় মাথা রয়েছে, যারা গরিব মানুষকে লোভ দেখিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছে এবং এলাকার যুবকদের টাকা ছড়িয়ে অবৈধ নানান কাজে লিপ্ত করছে। বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে বলেও তারা জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই চক্রের মূল পান্ডাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।








