ভোটার তালিকা ছাঁটাই ও বিজেপির দৌরাত্ম্যের প্রতিবাদে নামখানায় সিপিআইএমের গর্জন, উত্তাল বিডিও অফিস চত্বর

নামখানায় সিপিআইএমের বিশাল ডেপুটেশন। ভোটার তালিকা ছাঁটাই, বিজেপির দৌরাত্ম্য ও সরকারি প্রকল্পের দুর্নীতির প্রতিবাদে উত্তাল বিডিও অফিস চত্বর। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

Share:

ব্যুরো নিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২৬: ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, রাজ্য সরকারের সামাজিক প্রকল্পে স্বজনপোষণ এবং ১০০ দিনের কাজের বকেয়া পারিশ্রমিক আটকে রাখার প্রতিবাদে বৃহস্পতিবার নামখানায় গর্জে উঠল সিপিআইএম।

পাশাপাশি এলাকায় বিজেপির একাংশের বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল এবং সাংবাদিক নিগ্রহের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নামখানা বিডিও অফিসে এক বিশাল ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সিপিআইএম নামখানা এরিয়া কমিটির আহ্বানে দুপুর দুটো নাগাদ বিডিও অফিসের মূল গেটের সামনে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত বাম নেতৃত্ব নির্বাচন কমিশনের ‘এসআইআর’-এর নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্তের তীব্র নিন্দা করেন। সিপিআইএম নামখানা এরিয়া কমিটির সম্পাদক সজল ঘড়ুই বলেন, “নির্বাচন কমিশন সাধারণ নাগরিক ও বৈধ ভোটারদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে গভীর ষড়যন্ত্র করছে। নামখানা ব্লকের বহু প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে।” তিনি আরও অভিযোগ করেন, ‘অন্নপূর্ণা যোজনা’র মতো সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে বহু যোগ্য মহিলাকে বঞ্চিত রাখা হয়েছে এবং ১০০ দিনের কাজের বকেয়া টাকা না মিটিয়ে ‘ভিবিজি রামজি’ নামে নতুন প্রকল্পের মাধ্যমে ধোঁকাবাজি চলছে। বাম নেতারা স্থানীয় বিজেপির একাংশের বিরুদ্ধে তোলাবাজি, সাধারণ মানুষের জমি দখল এবং মাফিয়ারাজ চালানোর অভিযোগ তোলেন। সম্প্রতি নামখানা বাজারে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হেনস্থা ও আক্রমণের শিকার হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। মঞ্চে বক্তব্য পর্ব শেষে সিপিআইএমের পাঁচজনের একটি প্রতিনিধি দল বিডিও-র হাতে একাধিক দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন। তাঁরা হুঁশিয়ারি দেন, প্রশাসন অবিলম্বে ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বামেরা।