কোচবিহার: চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন বিজেপির, প্রধান নির্বাচিত রীতা দাস দত্ত

কোচবিহারের চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি। তৃণমূল প্রধানের পদত্যাগের পর রীতা দাস দত্তকে প্রধান নির্বাচিত করে নতুন বোর্ড গড়ল গেরুয়া শিবির।

Share:

ব্যুরো নিউজ, ২৫ সেপ্টেম্বর :  কোচবিহার জেলার চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েতে অবশেষে বোর্ড গঠন করলো ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুক্রবার প্রশাসনের উপস্থিতিতে অত্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে এই বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। এই পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন রীতা দাস দত্ত। বোর্ড গঠনকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকার বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

জানা গিয়েছে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েতের মোট ১১টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৬টি আসন দখল করেছিল, যেখানে বিজেপি পেয়েছিল ৫টি আসন। সেই সময় তৃণমূলের প্রভারানী দাস প্রধান নির্বাচিত হয়েছিলেন। তবে, রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের প্রধান প্রভারানী দাস পদত্যাগ করেন। এর ফলে পঞ্চায়েতটি দীর্ঘদিন ধরে প্রধানবিহীন অবস্থায় ছিল। আজ, বিজেপির ৪ জন পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে রীতা দাস দত্তকে প্রধান হিসেবে নির্বাচিত করা হয়। এই নতুন বোর্ড গঠনের মাধ্যমে চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েতে বিজেপির শাসন শুরু হলো। নবনির্বাচিত প্রধান রীতা দাস দত্ত এদিন বলেন, “এলাকার সার্বিক উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। দলমত নির্বিশেষে চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েতের সমস্ত সাধারণ মানুষের কাছে নাগরিক পরিষেবা পৌঁছে দিতে আমরা দায়বদ্ধ।” তিনি আরও জানান, এতদিন এই পঞ্চায়েতে যে সমস্ত কাজ থমকে ছিল বা সাধারণ মানুষ যে সমস্ত সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন, তা দ্রুত গতিতে সম্পন্ন করা হবে এবং সকলের কাছে সরকারি পরিষেবা নিশ্চিত করা হবে। এই পদক্ষেপ এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে বলে আশা করা হচ্ছে।