ব্যুরো নিউজ, ২৭ সেপ্টেম্বর ২০২৬: গত দু’দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে রাস্তার ধারের নয়নজলি থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত বিরহী এলাকায়। মৃতের নাম রাজু দাস, বয়স আনুমানিক ৩০ বছর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিণঘাটার বিরহীর বাসিন্দা রাজু দাস পেশায় একজন পান ব্যবসায়ী ছিলেন। গত বৃহস্পতিবার থেকে তিনি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। পরিবার ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
শনিবার সকালে বিরহী এলাকার একটি রাস্তার পাশের নয়নজোলিতে এক যুবককে পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে দেহটি রাজু দাসের বলে শনাক্ত করেন। ঘটনার খবর পেয়ে হরিণঘাটা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল (JNMH)-এ পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাঁকে খুন করা হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি তীব্র চাঞ্চল্য ও রহস্য দানা বেঁধেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে।








