ব্যুরো নিউজ, ২৭ সেপ্টেম্বর ২০২৬: পশ্চিমবঙ্গ রাজনীতিতে ফের অমানবিকতার চরম নিদর্শন দেখালেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবীর। রবিবার এক ভরা সাংবাদিক বৈঠকে তিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা করে চরম বিতর্কের জন্ম দিয়েছেন। হুমায়ুন কবীর বলেন, “যত তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, উপরওয়ালার কাছে দোয়া চাইব। তিনি যেন তাড়াতাড়ি উপরে যাওয়ার টিকিট কেটে দেন। অহংকারের পতন হবে, পৃথিবী থেকে যেতে হবে।” বিধায়কের এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
হুমায়ুন কবীরের অভিযোগ, মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী “হাতির পাঁচ পা দেখেছেন” এবং তাঁর আমলে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে। তিনি আরও বলেন, “ক্ষমতা পেয়ে হাতির পাঁচ পা দেখেছে! উপরওয়ালার কাছে দোয়া চাইব, যত তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যায়। আল্লা তার টিকিট কাটিয়ে দিক।” নিজের মন্তব্যের স্বপক্ষে হুমায়ুন কবীর অতীতের উদাহরণ টেনে এনেছেন।
তিনি স্মরণ করিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন তাঁকে দল থেকে বহিষ্কার করেছিলেন, সেদিনও তিনি তাঁর ক্ষমতাচ্যুতির কামনা করেছিলেন, যা তাঁর মতে পূরণ হয়েছে। একইসঙ্গে তিনি মহারাষ্ট্রের অজিত পওয়ার, মাধবরাও সিন্ধিয়া কিংবা ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীদের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের “অভিশপ্ত পরিণতির” কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও একই পরিণতি হবে বলে ইঙ্গিত দেন। তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে নিন্দার ঝড় তুলেছে।







