ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর ২০২৬: হাওড়ার আন্দুল রোডের লিচুবাগান এলাকায় বিরিয়ানি কিনতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হলেন এক যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত্রিবেলা বকুলতলার একটি বিরিয়ানির দোকানে লিচুবাগান নিউ বস্তির বাসিন্দা নিহাল খান ও তাঁর বন্ধু অসীম আক্রম বিরিয়ানি কিনতে যান। অভিযোগ, সেখানেই আচমকা তাদের ওপর হামলা চালায় কাজীপাড়ার বাসিন্দা মহম্মদ শাহজাদ, মহম্মদ ফিরাজ, শাহনাওয়াজ ও আরশাদ আনসারি। প্রথমে চড়াও হয়ে মারধর করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে নিহাল খানকে এলোপাথাড়ি কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। আশঙ্কাজনক অবস্থায় নিহালকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় হাওড়ার নাজিরগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে নিহালের পরিবারের দাবি, ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং অভিযুক্তরা এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এলাকার বাসিন্দাদের একাংশ এই ঘটনায় রাজনৈতিক যোগের অভিযোগ তুলেছেন।
তাঁদের বক্তব্য, সাম্প্রতিক পালাবদলের পর এলাকায় উত্তেজনা আরও বেড়েছে। ৪ তারিখের পর অনেকেই দল বদলে বিজেপিতে যোগ দিয়ে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালাচ্ছে, যার জেরে শান্ত লিচুবাগান এখন অশান্ত হয়ে উঠেছে। পরিবার ও বাচ্চাদের নিয়ে এলাকায় থাকতে ভয় পাচ্ছেন তারা। স্থানীয়রা এলাকায় শান্তি ফেরানোর জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।








