ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর ২০২৬: বীরভূমের রাজনীতিতে একদা বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের সামনেই তাঁর পার্টি অফিসে তাণ্ডবের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরে সিউড়ির তৃণমূল কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় একদল লোক। এই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সিউড়িতে একটি তৃণমূলপন্থী কার্যালয়ে বসেছিলেন অনুব্রত মণ্ডল। তাঁর উপস্থিতিতেই আচমকা কয়েকজন কার্যালয়ে প্রবেশ করে।
অভিযোগ, তারা ‘১৫ বছরের হিসাব’ চেয়ে কার্যালয়ের ভিতরে থাকা টেলিভিশন সেট ও চেয়ার-টেবিল ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা এই ঘটনায় অনুব্রত মণ্ডল নিজেও হতবাক হয়ে বসেছিলেন। তাঁর সামনেই তাণ্ডব চললেও তিনি কোনও বাধা দেননি। কার্যালয়ের ভিতরে ও বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশের দাবি, পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এই ভাঙচুর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই ৩ জনকে আটক করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

এই ভাঙচুরের নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি স্থানীয় জনরোষ, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, একসময় অনুব্রত মণ্ডলের নামে বীরভূম কাঁপত। আজ তাঁর সামনেই পার্টি অফিসে ভাঙচুর তাঁর বর্তমান রাজনৈতিক প্রভাব ও অবস্থান নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।








