ব্যুরো নিউজ, ১ অক্টোবর ২০২৬: মালদার রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা ও মুলিরামটোলা এলাকায় গঙ্গার জল কমতেই ফের ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। বুধবার ভোর থেকে গঙ্গার পাড় ব্যাপক হারে ভাঙতে শুরু করায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মুহূর্তের মধ্যে প্রায় ২০ থেকে ২২টি বাড়ি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। চোখের সামনে নিজেদের ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি, এমনকি মন্দির ও স্কুল নদীতে চলে যেতে দেখে বাসিন্দারা আতঙ্কে বাড়িঘরের আসবাবপত্র নিয়ে এলাকা ছাড়তে শুরু করেছেন। বহু পরিবার রাতারাতি আশ্রয়হীন হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার থেকেই গঙ্গায় ভাঙন শুরু হয়েছিল, তবে তখন তার তীব্রতা তুলনামূলক কম ছিল। কিন্তু বুধবার ভোর থেকে আচমকাই ভাঙন ভয়াবহ রূপ নেয়। একের পর এক বাড়ি, গাছপালা, রাস্তাঘাট ও পরিকাঠামো নদীগর্ভে তলিয়ে যেতে থাকে। এদিন জিতুটোলা প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণভাবে গঙ্গায় তলিয়ে যায়। মুলিরামটোলা প্রাথমিক বিদ্যালয়েরও সিংহভাগ নদীগর্ভে চলে গিয়েছে, বাকি অংশটুকুও যে কোনও মুহূর্তে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভাঙনের কবলে পড়েছে জিতুটোলার মনসা মন্দিরও।

পাশাপাশি রাধাগোবিন্দ মন্দিরের সামগ্রী ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্রও সময় থাকতে সরিয়ে নিতে শুরু করেছেন বাসিন্দারা। একের পর এক বাড়ি নদীগর্ভে চলে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এভাবে ভাঙন চলতে থাকলে অদূর ভবিষ্যতে মহানন্দটোলার বিস্তীর্ণ এলাকা মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। দ্রুত ভাঙন রোধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।








