ব্যুরো নিউজ, ৬ অক্টোবর ২০২৬: বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এদিন শিলিগুড়িতে দাঁড়িয়ে রাজ্যের শাসকদলের নেতা হুমায়ুন কবীরকে তীব্র আক্রমণ করলেন। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের মানুষ হুমায়ুন কবীরকে ইতিমধ্যেই চিনে গিয়েছেন। হিন্দু-মুসলমানের মধ্যে বিভাজন তৈরি এবং বিভ্রান্তিকর মন্তব্যের জেরে সাধারণ মানুষ তাঁকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।
ভোটারদের ‘মুগুর নিয়ে এসে পুলিশ পেটানোর’ নিদান প্রসঙ্গে হুমায়ুন কবীরকে কটাক্ষ করে শমীক ভট্টাচার্য বলেন, “ওর এখনই হেলমেট পরে নেওয়া উচিত। কারণ বাইরে বেরোলেই মানুষ ওর মাথায় বাড়ি মারবে।” পাশাপাশি, সীমা ছাড়িয়ে অশান্তি তৈরি করার চেষ্টা হলে প্রশাসন নিজের কাজ করবে বলেও স্পষ্ট বার্তা দেন এই বিজেপি নেতা। দিল্লিতে বিরোধী ইন্ডি জোটের কর্মসূচি নিয়েও এদিন সরব হন শমীক ভট্টাচার্য। তাঁর মন্তব্য, “অনেকদিন তো কিছু করেনি, একটু পদযাত্রা করুক, শরীর-স্বাস্থ্য ভালো থাকবে।” তাঁর দাবি, ইন্ডি জোট বলে বাস্তবে কোনও অস্তিত্বই নেই, এটি কেবল একটি নামসর্বস্ব জোট। অন্যদিকে, সিপিএমের কৃষক আন্দোলন নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতা।
তাঁর বক্তব্য, গত ১৫ বছর ধরে তৃণমূলের শাসনে কৃষকদের পাট্টা কেড়ে নেওয়া এবং চাষিরা ফসলের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ উঠলেও তখন কৃষক সভা কোথায় ছিল? এখন রাতারাতি মিটিং-মিছিল করে জনবিচ্ছিন্ন দলগুলি মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনতে পারবে না বলেও তীব্র কটাক্ষ করেন শমীক ভট্টাচার্য। তিনি আরও যোগ করেন, এই ধরনের আন্দোলনগুলি কেবল রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা মাত্র।








