হাওড়ায় জমি বিবাদকে কেন্দ্র করে মারধর, রড দিয়ে মালিককে প্রহারের অভিযোগ, গ্রেফতার ২

মধ্য হাওড়ায় জমি বিবাদকে কেন্দ্র করে জমির মালিককে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ। সোহেল খান ও শাহাবাজ খান নামে ২ প্রমোটার গ্রেফতার। খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা।

Share:

ব্যুরো নিউজ, ৭ অক্টোবর ২০২৬ : মধ্য হাওড়ার জি টি রোড সংলগ্ন ফজির বাজার এলাকায় জমির মালিক ও প্রমোটারের মধ্যে বিবাদকে কেন্দ্র করে মারামারির ঘটনায় নতুন মোড়। জমির মালিক মহম্মদ রফিকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগে সোহেল খান ও শাহাবাজ খান নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে হাওড়া থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর এবং টাকা ছিনতাই-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাঁদের হাওড়া আদালতে তোলা হবে।

অভিযোগ, জমির মালিক মহম্মদ রফির কাছ থেকে ১৬ লক্ষ টাকা দাবি করা হয়েছিল। সেই টাকা না দেওয়ায় তাঁকে হুমকি দেওয়া হয় এবং পরে ফ্ল্যাটে এসে লোহার রড দিয়ে মারধর করা হয়। ঘটনায় গুরুতর জখম মহম্মদ রফি বর্তমানে হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহম্মদ রফি তাঁর প্রায় আড়াই কাঠা জমি প্রমোটারদের ডেভেলপ করার জন্য দিয়েছিলেন। চুক্তি অনুযায়ী বহুতলের ৬০ শতাংশ প্রমোটার পক্ষ এবং ৪০ শতাংশ জমির মালিকের পাওয়ার কথা ছিল। জমির মালিক পক্ষের অভিযোগ, তাঁদের জন্য নির্ধারিত ফ্ল্যাটের কাজ এখনও সম্পূর্ণ করেনি প্রমোটার পক্ষ। এরই মধ্যে তাঁদের কাছ থেকে ১৬ লক্ষ টাকা দাবি করা হচ্ছিল। সেই টাকা দিতে অস্বীকার করায় হুমকি এবং মারধর করা হয়। তবে এই ঘটনায় পাল্টা বক্তব্যও রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুক্তি অনুযায়ী বাড়ির মালিক একটি ফ্ল্যাট পাওয়ার পাশাপাশি ওই ফ্ল্যাটের বেশ কিছু অতিরিক্ত অংশ পেয়েছেন বলে প্রমোটার পক্ষের দাবি। সেই অতিরিক্ত অংশের দাম নিয়েই দু’পক্ষের মধ্যে বিবাদ তৈরি হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পুলিশ চুক্তিপত্র খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার সমস্ত দিক তদন্ত করে দেখছে।