ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে পাটনার একটি থানায় পুলিশে অভিযোগ দায়ের করা হল বিজেপির পক্ষ থেকে।
বিজেপির দাবি, কুরুচিকর মন্তব্যের জন্য খাড়গেকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে এবং গ্রেপ্তারির দাবিও উঠেছে।
রবিবার দুপুরে বিহারের প্রথম মুখ্যমন্ত্রী কৃষ্ণ সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে পাটনায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মল্লিকার্জুন খাড়গে। সেই সময় জনৈক ব্যক্তি বলেন, দেশে বিদ্রোহ না হলে মোদিকে ক্ষমতা থেকে সরানো যাবে না। কিন্তু খাড়গে সেই কথার পুরোটা শুনতে পাননি। তিনি কেবল শুনতে পান, ‘মোদি কোত্থাও যাবেন না।’ এর প্রতিক্রিয়ায় খানিকটা উত্তেজিত হয়ে তিনি আপত্তিকর মন্তব্য করে বসেন, ‘মোদির বাপকেও যেতে হবে।’
খাড়গের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। বিজেপির পক্ষ থেকে এই মন্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে এই ঘটনাকে ‘ভদ্রতার সমস্ত সীমা লঙ্ঘন’ বলে উল্লেখ করে তীব্র আক্রমণ শানিয়েছেন। বিজেপির অন্যান্য নেতারাও খাড়গের মন্তব্যের জন্য তাঁর পদত্যাগ এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন। তাঁদের মতে, একজন জাতীয় দলের সভাপতির কাছ থেকে এমন অশালীন মন্তব্য অপ্রত্যাশিত এবং নিন্দনীয়।
এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের দানা বেঁধেছে এবং কংগ্রেসকে আবার অস্বস্তিতে পড়তে হল।








