ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর ২০২৬: নেপাল প্রিমিয়ার লিগে (Nepal Premier League) অংশগ্রহণের আগে বড়সড় বিপাকে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) তাদের দেশের খেলোয়াড়দের নেপালের এই বিশেষ ক্রিকেট লিগে খেলার জন্য ‘অনাপত্তি পত্র’ বা NOC দিতে অস্বীকার করছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, যেসব খেলোয়াড় ইতিমধ্যেই NOC পেয়ে নেপালে পৌঁছে গিয়েছেন, তাঁদের জানানো হয়েছে যে তাঁদের দেওয়া NOC সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর ফলে টুর্নামেন্টে অংশগ্রহণের আগে চরম অনিশ্চয়তায় পড়েছেন তাঁরা।
ESPN ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, নেপাল প্রিমিয়ার লিগের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের দেশের খেলোয়াড়দের কাছ থেকে NOC দেওয়ার জন্য ২৫,০০০ মার্কিন ডলার করে ফি দাবি করেছে। এই বিপুল পরিমাণ অর্থ দিতে না পারলে খেলোয়াড়রা NOC পাবেন না। যদিও এই বিষয়ে পাক বোর্ডের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। আজ, ২৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে ৮ দলের এই নেপাল প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টের ম্যাচগুলি নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার কাঠমান্ডুতে পৌঁছে গিয়েছেন। তবে PCB-র এই নতুন সিদ্ধান্তের জেরে তাঁদের অংশগ্রহণ নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। বিতর্কের মাঝেই সম্প্রতি PCB নতুন কেন্দ্রীয় চুক্তির ঘোষণা করেছে এবং ক্রিকেটের কোনও সংস্করণেই পাকিস্তানের ভালো ছন্দ না থাকায় বোর্ড কৌশলে একাধিক পরিবর্তন আনছে বলে মনে করা হচ্ছে। এখন দেখার, শেষ পর্যন্ত পাক খেলোয়াড়রা এই লিগে অংশ নিতে পারেন কিনা।








