ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর ২০২৬: বসিরহাটের হাড়োয়া থানার অন্তর্গত কুলটি গ্রাম পঞ্চায়েতের লাউগাছি ঘোষপাড়া এলাকায় মিলনী সংঘ ক্লাবের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ও মারপিটের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ক্লাবের নিয়ন্ত্রণ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে চাপা বিবাদ চলছিল। শনিবার সেই বিবাদ চরম আকার ধারণ করে প্রকাশ্য সংঘর্ষে রূপ নেয়। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত তিনজনের মাথা ফেটে গিয়েছে বলে খবর। তাঁদের দ্রুত উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার বিশাল পুলিশ বাহিনী। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। পুলিশি টহল চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের দলের কর্মী-সমর্থকদের উপর হামলা চালিয়েছে। যদিও শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্লাবের দখলকে কেন্দ্র করে ঠিক কী কারণে এই রক্তক্ষয়ী সংঘর্ষ বাধল, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।








