ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবাকে উদ্দেশ্য করে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সরব হল বিজেপি। সোমবার বিকেলে কাঁকসার পানাগড় বাজারে খাড়্গের কুশপুতুল দাহ করে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় বিজেপি নেতা-কর্মী ও সমর্থকেরা। পানাগড় বাজারের চৌমাথা মোড় থেকে বিজেপির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের হয়। হাতে প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে মিছিলটি বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের চৌমাথা মোড়ে ফিরে আসে। সেখানেই কংগ্রেস নেতার কুশপুতুল দাহ করা হয়।
বিক্ষোভে উপস্থিত বিজেপি নেতৃত্ব কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, গণতান্ত্রিক পথে বিজেপির মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিরোধীরা এখন ব্যক্তি আক্রমণ ও অশালীন মন্তব্যের আশ্রয় নিচ্ছে। কখনও প্রধানমন্ত্রী, আবার কখনও তাঁর পরিবারকে নিশানা করে রাজনৈতিক আক্রমণ চালানো হচ্ছে বলেও দাবি করেন তাঁরা। বিজেপি নেতাদের বক্তব্য, বিরোধী দলগুলি রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে বলেই এ ধরনের মন্তব্যের মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। এদিন কংগ্রেসের ‘ভোট চুরি’ সংক্রান্ত অভিযোগেরও পাল্টা জবাব দেন বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, দেশের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচনের সময় থেকেই ভোট নিয়ে বিতর্কের ইতিহাস রয়েছে। তাই কংগ্রেসের মুখে ভোট চুরির অভিযোগ মানায় না। বিজেপির এই প্রতিবাদ মিছিল ও কুশপুতুল দাহ কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য সতর্ক ছিল প্রশাসন। পানাগড় বাজারের বিভিন্ন এলাকায় কাঁকসা থানার পুলিশের নজরদারি ছিল। প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে এদিন পানাগড় বাজারে বিজেপির এই কর্মসূচিতে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়।








