ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর ২০২৬: কালীপুজোর প্যান্ডেলের বাঁশ ফেলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পৈলানের দৌলতপুর।
বিজেপির শ্রমিক সংগঠন বিএমএসের কনভেনার সুকল্যাণ সর্দারকে আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠে এসেছে এলাকার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ভাই সঞ্জিৎ মণ্ডলের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পৈলান দৌলতপুর যুব সংঘের মাঠে দীর্ঘদিন ধরে কালীপুজো হয়ে আসছে। অভিযোগ, এই পুজো বিগত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেস জোরপূর্বক পরিচালনা করছিল, সাধারণ মানুষের জন্যও সেখানে কোনও স্থান ছিল না।
রাজ্যে পালাবদলের পর এবার ওই মাঠেই বিজেপির পক্ষ থেকে কালীপুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী প্যান্ডেলের বাঁশ ফেলার কাজ শুরু হতেই তৃণমূল বিধায়কের ভাই সঞ্জিৎ মণ্ডল ও তার দলবল বাধা দেয়। তারা আগ্নেয়াস্ত্র, বাঁশ, রড নিয়ে বিএমএস নেতার উপর চড়াও হয়ে তাঁকে মারধর করে। এতে গুরুতরভাবে আহত হন সুকল্যাণ সর্দার। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
এই ঘটনায় বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে সঞ্জিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে এবং বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ কড়া হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিষ্ণুপুর এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে।








