ভুয়ো কোম্পানির নামে কোটি কোটি টাকা আত্মসাৎ! লেকটাউন ও হুগলিতে ইডির হানা

ভুয়ো কোম্পানি খুলে কোটি কোটি টাকা আত্মসাৎ! ঝাড়খণ্ডের বিদ্যুৎ প্লান্টের নামে ঋণ নিয়ে দুর্নীতির অভিযোগে লেকটাউন ও হুগলিতে তল্লাশি চালাল ইডি।

Share:

ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর ২০২৬: ভুয়ো কোম্পানি খুলে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কলকাতা ও হুগলিতে একযোগে তল্লাশি অভিযান চালায়। জানা গিয়েছে, ঝাড়খণ্ডে একটি ৬৬ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্ট তৈরির নাম করে একটি বেসরকারি সংস্থা প্রায় ২৯০ কোটি টাকা ঋণ নিয়েছিল।

অভিযোগ, সেই টাকা বিদ্যুৎ প্লান্টে ব্যবহার না করে অন্যত্র পাচার করা হয়েছে। এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে ইডির আধিকারিকরা এদিন সকালে লেকটাউনের একটি অভিজাত আবাসনে হানা দেন। সেখানে অশোক সারথি নামে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতে তল্লাশি চালানো হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই আবাসন ঘিরে ফেলে। অভিযুক্তকে জেরা করার পাশাপাশি তাঁর বাড়ি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

একই অভিযোগে হুগলির উত্তরপাড়ার একটি বাড়িতেও হানা দেয় ইডির একটি দল। সেখানেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি ঘিরে তল্লাশি শুরু করেছে। সূত্রের খবর, এই ঘটনায় আরও কয়েকজনের যোগ থাকার সম্ভাবনা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।