বিমানভাড়া নিয়ে নয়া নিয়ম কেন্দ্রের, লাগামছাড়া দামে লাগাম পরানোর চেষ্টা

বিমানভাড়া নিয়ে নয়া নিয়ম কার্যকর করছে কেন্দ্র। লাগামছাড়া দামে লাগাম পরানোর চেষ্টা। জেনে নিন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেড়েছে বিমানভাড়া। উৎসবের মরশুমে লাগামছাড়া টিকিটের দামে কার্যত নাভিশ্বাস যাত্রীদের। এবার ভারতের বিমানের ভাড়ার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। বিমান সংস্থাগুলির চাহিদার উপর ভিত্তি করে ফ্লাইটের টিকিটের ভাড়া সংশোধন করার ছাড়পত্র পেতে চলেছে। ভাড়ার কোনও উর্ধ্বসীমা না চাপানো হলেও যে কোনও বিশেষ পরিস্থিতি বা জনস্বার্থের প্রয়োজনে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে কেন্দ্র। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই নিয়ম লাগু হতে চলেছে।

সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমান সংস্থাগুলির পরিচালন খরচ সহ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করেই ভাড়া নির্ধারণ করতে হবে। নির্দিষ্ট নিয়ম মেনে সেই ভাড়ার তালিকা জমা দিতে হবে ডিজিসিএ-র কাছে। স্বচ্ছতা বজায় রাখতে ভাড়ার বিস্তারিত বিবরণ প্রতিটি বিমান সংস্থার নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করতে হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।

বিমানভাড়ার পাশাপাশি বেস ফেয়ার, বিভিন্ন কর ও সরকারি ফি, টিকিট বাতিল হলে কত টাকা চার্জ কাটা হবে, টাকা ফেরতের কী শর্ত এবং অন্যান্য সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলি টিকিট কাটার সময় যাত্রীদের সামনে যাতে স্পষ্ট থাকে, সেদিকেও নজর রাখা হবে। এই নতুন নিয়মের ফলে যাত্রীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।