ইন্দ্রনীল সেনের মেয়েকে লালবাজারে তলব, দুর্গাপুজো পাস দুর্নীতি কাণ্ডে ফের চমক

দুর্গাপুজোর পাস দুর্নীতি কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরি সেনকে সোমবার লালবাজারে তলব। তাঁর অ্যাকাউন্টে মোটা টাকার লেনদেনের হদিশ মেলায় জেরা।

Share:

ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরি সেনকে সোমবার লালবাজারে তলব করেছে রাজ্যের গোয়েন্দা দপ্তর।

দুর্গাপুজোর পাস বিক্রি সংক্রান্ত দুর্নীতি কাণ্ডে তাঁর যোগ থাকার সন্দেহ করছেন তদন্তকারীরা। আভেরি সেনের অ্যাকাউন্টেও মোটা টাকার লেনদেনের হদিশ মিলেছে। সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে এই তলব বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর প্রিভিউ শোয়ের পাস বিক্রির অভিযোগে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই দুর্নীতির সঙ্গে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেনও জড়িত বলে অভিযোগ।

গত শনিবার মধুছন্দা সেনকে লালবাজারে ডেকে জেরা করে পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। যে সংস্থার নামে পুজোর পাস বিক্রি হয়েছিল, সেই ‘মাস আর্ট’-এর প্রেসিডেন্ট ছিলেন মধুছন্দা। পুলিশের দাবি, ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ অন্য একটি সংস্থা ‘থার্ড লাইন ক্রিয়েশন’ মাস আর্ট সোসাইটিকে ৬৬ লক্ষ টাকা পাঠিয়েছিল। এর মধ্যে প্রায় ২২ লক্ষ টাকা আইস্কেপ ও মায়রা নামে দুটি সংস্থাকে পাঠানো হয়েছিল। গোয়েন্দা পুলিশের কাছে খবর, এই দুটি সংস্থার নিয়ন্ত্রণ করতেন ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরি সেন।

তাই এবার সোমবার মেয়ে আভেরি সেনকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ঘটনার তদন্তে এই নতুন বিস্ফোরক মোড় বাংলার রাজনৈতিক মহলে উত্তেজনার সৃষ্টি করেছে।