ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: ইউক্রেন যুদ্ধ থামাতে এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে আনতে এক নতুন কূটনৈতিক নীতির শরণাপন্ন হল আমেরিকা। এবার ইউক্রেন হয়ে ইউরোপে রুশ গ্যাস সরবরাহের পথ খোলার চেষ্টা করছে তারা। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো, শীতের আগেই মস্কো ও কিয়েভের মধ্যে জ্বালানি ক্ষেত্রে একটি যুদ্ধবিরতি কার্যকর করা।
মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ সূত্রে খবর, এই প্রস্তাবটি নিয়ে আমেরিকার পাশাপাশি ইউরোপ ও ইউক্রেনের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে। মার্কিন দূত জারেড কুশনার এবং স্টিভ উইটকফ গত সেপ্টেম্বর মাসে মস্কো ও কিয়েভ সফরে গিয়ে এই বিষয়ে আলোচনা করেন। রিপোর্ট অনুযায়ী, এই গ্যাস বাণিজ্যে আমেরিকার কোনও মধ্যস্থতাকারী সংস্থা রাশিয়া থেকে গ্যাস কিনে তা ইউরোপে বিক্রি করতে পারে। এর মাধ্যমে মার্কিন সংস্থাগুলিও লাভবান হতে পারে।
তবে, ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনায় ইউরোপের একাধিক দেশ আপত্তি জানিয়েছে। মস্কোও এই প্রস্তাবে সম্পূর্ণভাবে রাজি নয়। ফলে, শেষ পর্যন্ত এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই কূটনৈতিক পদক্ষেপের ফলে জ্বালানি বাজারে কী প্রভাব পড়ে, সেদিকেই নজর থাকবে আন্তর্জাতিক মহলের।








