বাবরি মসজিদের দিন জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি হুমায়ুন কবীরের, প্রশাসনকে চ্যালেঞ্জ

বাবরি মসজিদ প্রতিষ্ঠার দিন জাতীয় সড়ক অবরোধের হুমকি নওদার বিধায়ক হুমায়ুন কবীরের। প্রশাসনকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেছেন, 'আটকে দেখাক'।

Share:

ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদ প্রতিষ্ঠার দিন জাতীয় সড়ক অবরোধের হুমকি দিলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। শুধু তাই নয়, প্রশাসনের ক্ষমতা থাকলে তা আটকে দেখানোরও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। রবিবার বেলডাঙার বরি মসজিদ প্রাঙ্গনে আয়-ব্যয়ের হিসেবনিকেশ সংক্রান্ত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক এই ঝাঁঝালো মন্তব্য করেন।

হুমায়ুন কবীর বলেন, “বাবরি মসজিদ প্রতিষ্ঠার দিন জাতীয় সড়ক অবরোধ করে দেব। প্রশাসনের ক্ষমতা থাকলে আটকে দেখাক পুলিশ প্রশাসন। এক মাস পাঁচ দিন পরে আমি আবার ঘোষণা করলাম, মুর্শিদাবাদের প্রশাসনের ক্ষমতা থাকলে রুখে নেবেন। ওই দিন আবার ৩৪ নং জাতীয় সড়ক, রেজিনগর থেকে বহরমপুর তিরিশ কিলোমিটার আমার কবজায় থাকবে।” বিধায়কের এই মন্তব্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও প্রশাসন জানিয়েছে, যে কোনও ধরনের অশান্তি রুখতে তারা প্রস্তুত। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হবে এবং প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে, বাবরি মসজিদের মতো সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে এই ধরনের মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। উল্লেখ্য, বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে কেন্দ্র করে এর আগেও বিভিন্ন সময়ে রাজনৈতিক উত্তেজনা দেখা গেছে। এবার হুমায়ুন কবীরের এই হুঁশিয়ারি নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।