ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: নেপালের ভয়াবহ তুষারপাতে আটকে পড়েছিলেন ৪ বাঙালি সহ ৬ ভারতীয় পর্যটক। হঠাৎ করেই বরফে ঢেকে যায় পাহাড়ি রাস্তা, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অবশেষে একটি বেসরকারি হেলিকপ্টারের মাধ্যমে সোমবার সকালে ওই ৬ ভারতীয় পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়। জানা গিয়েছে, ওই ৬ পর্যটক কাঠমান্ডু থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে শে ফোকসুন্দো গ্রামীণ পৌরসভার ধো এলাকায় ভ্রমণ করতে গিয়েছিলেন।
ফেরার পথেই শনিবারের ভারী তুষারপাতের কারণে পাহাড়ি রাস্তায় আটকা পড়েন তাঁরা। এলাকাটি পুরো বরফে ঢাকা থাকায় উদ্ধার অভিযানেও দেখা দেয় সমস্যা। প্রথমে নেপাল সেনার একটি হেলিকপ্টার পাঠানো হলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা ব্যর্থ হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে বিকল্প হেলিকপ্টারও নামতে পারেনি। অবশেষে সোমবার সকালে একটি বেসরকারি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে ওই ৬ জন পর্যটককে সফলভাবে উদ্ধার করে। আপাতত তাঁদের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, ৬ জনের অবস্থাই আশঙ্কামুক্ত। ডোলপার মুখ্য জেলা আধিকারিক জানিয়েছেন, আবহাওয়া খারাপ থাকার কারণে আগেই পর্যটকদের সতর্ক করা হয়েছিল। নিরাপত্তা কর্মী ও স্থানীয় গাইডরাও পাহাড়ের দিকে এগোতে নিষেধ করেছিলেন। এমনকি স্থানীয় প্রশাসন উচ্চ পার্বত্য এলাকায় যাতায়াতের ওপর বিধি-নিষেধ জারি করেছিল। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করেই ওই ৬ জন পর্যটক একটি দুর্গম রাস্তা ধরে এগোচ্ছিলেন এবং গাইডকে মাঝপথে ছেড়ে দেন। তারপরেই তুষারপাত বাড়তে থাকায় চলাচলের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।








