অসুস্থ লালু প্রসাদের সঙ্গে দেখা করলেন সনিয়া গান্ধী, ফিরল ইউপিএ জমানার স্মৃতি

অসুস্থ লালু প্রসাদের সঙ্গে দেখা করলেন সনিয়া গান্ধী। দিল্লিতে মিশা ভারতীর বাড়িতে সাক্ষাত্, ফিরল ইউপিএ জমানার স্মৃতি।

Share:

ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: রামলীলা ময়দানের সভার পরদিনই অসুস্থ লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। সোমবার দিল্লিতে লালুপ্রসাদের বড় মেয়ে মিশা ভারতীর বাড়িতে গিয়েছিলেন তিনি। তাঁদের এই সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তেজস্বী যাদব জানান, সনিয়া গান্ধী নিজেই দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিডনি প্রতিস্থাপনের পর লালু প্রসাদকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মধ্যে থাকতে হয়। সম্প্রতি তিনি পাটনার এইমস-এ ভর্তি ছিলেন এবং সেখানকার চিকিৎসকদের পরামর্শে দিল্লি এইমসেও চেকআপ করিয়েছেন। বর্তমানে তিনি তাঁর মেয়ে মিশা ভারতীর বাড়িতে রয়েছেন।

তাঁর পরিবার জানিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। রবিবার রামলীলা ময়দানের সভায় সনিয়া গান্ধী জানতে পারেন লালু প্রসাদ দিল্লিতে আছেন। তখনই তিনি তেজস্বী যাদবকে ফোন করে সোমবার দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। এই সাক্ষাতের ফলে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। উল্লেখ্য, মনমোহন সিংয়ের ইউপিএ সরকারের আমলে লালু প্রসাদ রেলমন্ত্রী ছিলেন এবং সনিয়া গান্ধী ছিলেন ইউপিএ চেয়ারপারসন। তাঁদের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী ঐক্যের প্রেক্ষাপটে এই সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ। বর্তমানে আরজেডি সহ ইউপিএ-র বেশিরভাগ শরিক ‘ইন্ডিয়া’ জোটের সদস্য।