পরিচালকের গলা নকল করে সাইবার প্রতারণা! লক্ষাধিক টাকার জালিয়াতি

পরিচালক রাজ চক্রবর্তীর গলা নকল করে সিনেমার সুযোগের টোপ দিয়ে এক যুবকের থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিল সাইবার জালিয়াতরা। তদন্ত শুরু সাইবার পুলিশের।

Share:

ব্যুরো নিউজ, ৩ নভেম্বর ২০২৬: সিনেমায় অভিনয়ের স্বপ্ন দেখছিলেন এক যুবক। সেই স্বপ্নকে পুঁজি করেই প্রতারণার জাল বুনল সাইবার অপরাধীরা।

এবার তারা পরিচালক রাজ চক্রবর্তীর গলা নকল করে নিজেদের জালে ফেলল ওই যুবককে। এআই ব্যবহার করে পরিচালকের কণ্ঠস্বর নকল করে ওই যুবকের সঙ্গে যোগাযোগ করে অপরাধীরা। সিনেমার সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে তাঁর থেকে প্রায় দু’লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তারা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, একটি নামী প্রযোজনা সংস্থার নামে ভুয়ো ফেসবুক পেজ খুলে প্রতারকরা এই টোপ দেয়। সেখানে একটি ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের সুযোগের কথা বলা হয়। যুবকটি যোগাযোগ করলে, তাঁকে রাজ চক্রবর্তীর নম্বর বলে একটি মোবাইল নম্বর দেওয়া হয়। সেই নম্বরে ফোন করতেই রাজ চক্রবর্তীর গলা নকল করে কথা বলা হয়। এরপর অভিনয়ের জন্য টাকা চাওয়া হয়। প্রতারকরা যুবকের থেকে নেওয়া টাকা তিনটি ভিন্ন অ্যাকাউন্টে পাঠিয়েছে।

এই ঘটনায় দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছেএবং সাইবার অপরাধীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

এই ধরনের প্রতারণার ঘটনা যদিও নতুন নয়, তবে এবার পরিচালকের গলা নকল করে প্রতারণার ঘটনা সামনে আসায় অনেকেই উদ্বিগ্ন। পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে এই বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।