ব্যুরো নিউজ, ৪ নভেম্বর ২০২৬: মালদার ইংরেজবাজারের লক্ষ্মীঘাটে কালিন্দ্রী নদীর উপর পাকা সেতুর অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার গ্রামবাসী। দীর্ঘদিনের দাবি সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় এবার নিজেরাই নদীর উপর বাঁশের সাঁকো তৈরির কাজে হাত লাগালেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ঘাট পারাপারের জন্য লিজ নেওয়া ঘাটোয়াল অতিরিক্ত ভাড়া আদায় করছেন এবং সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছেন। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা চাঁদা তুলে নিজেদের উদ্যোগে সাঁকো নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গিয়েছে, নরহাট্টা, ফুলবাড়ি ও পুখুরিয়া অঞ্চলের কয়েক হাজার মানুষ প্রতিদিন এই নদী পারাপার করেন। এতদিন অস্থায়ী সাঁকোর উপর নির্ভর করতে হলেও, ঘাটোয়ালের জুলুম সহ্য করতে না পেরেই গ্রামবাসীরা এই পদক্ষেপ নিয়েছেন। ইতিমধ্যেই সাঁকো নির্মাণের কাজ শুরু হয়েছে। অন্যদিকে, ঘাটোয়ালও নদীর উপর একটি নতুন অস্থায়ী লোহার সাঁকো তৈরির কাজ শুরু করেছেন। তবে গ্রামবাসীদের মূল দাবি, অবিলম্বে সরকারি উদ্যোগে একটি পাকা সেতু নির্মাণ করতে হবে। নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করলেও, তাঁরা তাঁদের মূল দাবি থেকে সরবেন না।
অন্যদিকে, ঘাটোয়ালের দাবি, তিনি সরকারি নিয়ম মেনেই ভাড়া নিচ্ছেন এবং গ্রামবাসীদের অভিযোগ ভিত্তিহীন। তিনি প্রশাসনের কাছে অভিযোগও জানিয়েছেন। মালদা জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক ভাস্কর মজুমদার জানিয়েছেন, ঘাটোয়ালের লোহার সাঁকো তৈরির অনুমতি আছে। তবে গ্রামবাসীদের এই সাঁকো নির্মাণ সঠিক নয় বলে তিনি মন্তব্য করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।








