ব্যুরো নিউজ, ৪ নভেম্বর ২০২৬: পানাগড় রেল স্টেশন সংলগ্ন রেললাইন থেকে এক ব্যবসায়ীর ছিন্নভিন্ন দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান, এটি একটি আত্মহত্যার ঘটনা হতে পারে। কোনো দূরপাল্লার ট্রেনের ধাক্কায় ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। মৃত ব্যক্তির নাম পাপ্পু বিশ্বাস (আনুমানিক ৫০ বছর)। তিনি বুদবুদ থানার কোটা গ্রামের বাসিন্দা হলেও ব্যবসার সূত্রে পানাগড় বাজারের রেলপাড় এলাকায় থাকতেন এবং সেখানেই তাঁর একটি মোবাইল মেরামতি ও বিক্রির দোকান ছিল।
বুধবার সকালে প্রাতর্ভ্রমণে বের হওয়া কয়েকজন ব্যক্তি রেললাইনের উপর দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পানাগড় স্টেশন জিআরপি পোস্টের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বছর পাপ্পু বিশ্বাসের স্ত্রী মারা যান। স্ত্রীর মৃত্যুর পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে প্রতিবেশীদের একাংশ জানিয়েছেন। স্ত্রীর মৃত্যুর ঠিক এক বছরের মাথায় তাঁর এই পরিণতিতে পরিবার ও ব্যবসায়িক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে।








