ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের যুব তৃণমূল সভাপতি ইমরান হাসানকে গ্রেফতার করল উস্থি থানার পুলিশ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং স্থানীয় বিধায়ক শামীম আহমেদের অত্যন্ত কাছের লোক হিসেবে পরিচিত ইমরান হাসানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, ইমরান হাসান ভোটের আগে থেকেই বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছিলেন। শুধু তাই নয়, তাদের বাড়িঘর ভাঙচুর এবং মারধরের ঘটনাতেও তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা করতে যাচ্ছিলেন জে পি নাড্ডা। সেই সময় তাঁর গাড়িতে দিলীপ ঘোষ সহ কেন্দ্র এবং রাজ্যের একাধিক নেতা ছিলেন। অতর্কিতেই তাঁদের কনভয়ে হামলা চালানো হয় ইট, লাঠি নিয়ে। ইট দিয়ে দিলীপ ঘোষের গাড়ি ভেঙে দেওয়া হয় এবং কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীকে গুরুতরভাবে আহত করা হয়। প্রথমে সরিষা, পরে ফলতায় হামলার মুখে পড়তে হয় তাঁদের বলে অভিযোগ উঠেছিল। এই ভয়াবহ রাজনৈতিক হিংসার ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ।
এছাড়া, ২০২১ সালে মগরাহাট পশ্চিম বিধানসভায় বিজেপির প্রার্থী মানষ সাহার উপর হামলার ঘটনায়ও তার নাম জড়িয়েছিল। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই উস্থি থানার পুলিশ ছয় বছর পরে ইমরান হাসানকে গ্রেফতার করেছে।
যদিও তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিজেপির পক্ষ থেকে এই গ্রেফতারিকে স্বাগত জানানো হয়েছে এবং অবিলম্বে তার শাস্তির দাবি করা হয়েছে।
এই ঘটনায় মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশের তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন সকলের নজর।









