কুলিক জঙ্গলে নাবালিকার দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের আশঙ্কায় চাঞ্চল্য!

রায়গঞ্জে চাঞ্চল্য! দুই দিন নিখোঁজ থাকার পর কুলিক জঙ্গলে উদ্ধার হল নাবালিকার বিবস্ত্র দেহ। ধর্ষণের পর খুনের আশঙ্কা পুলিশের।

Share:

ব্যুরো নিউজ, ৬ নভেম্বর ২০২৬: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে চাঞ্চল্যকর ঘটনা। দুই দিন নিখোঁজ থাকার পর কুলিক জঙ্গলের পাশ থেকে উদ্ধার হল এক নাবালিকার বিবস্ত্র দেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্য খুন করা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা।

মৃতার বাবার অভিযোগ, এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীর বাড়ি থেকে জামা আনতে গিয়েছিল সে। এরপর আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলেও তার কোনও সন্ধান মেলেনি। এরপর থানায় অভিযোগও দায়ের করা হয়।

জানা গেছে , বৃহস্পতিবার সন্ধ্যায় কুলিক জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় একদল স্থানীয় বাসিন্দা দুর্গন্ধ পান। সন্দেহ হওয়ায় তারা জঙ্গলের ধারে গিয়ে দেখতে পান কিশোরীর বিবস্ত্র দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত, তা জানতে তৎপর হয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত খবর